বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগস্ট || শান্তিরবাজার ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুক্রবার বেতাগা এলাকায় জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। দিনটি উপলক্ষ্যে নানা ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা, বেতাগা গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, মহকুমার ক্রীড়া দপ্তরের ইয়ুথ অর্গানাইজার সজল চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের মহকুমা সেক্রেটারি চন্দন দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে দড়ি টানাটানি ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পুরুষ ও মহিলা উভয় দলের জন্য আলাদা প্রতিযোগিতা রাখা হয়। পাশাপাশি একই দিনে দক্ষিণ জেলা ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়কালে মহকুমাশাসক মনোজকুমার সাহা বলেন, “খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”
দিনশেষে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলির হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সার্বিক বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করেন স্পোর্টস অফিসার সজল চক্রবর্তী।
