গোপাল সিং, খোয়াই, ২৯ আগস্ট || হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে খোয়াই জেলায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভেতরের মাঠে খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বেলা ১১টায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে খোয়াই জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন দাস, বিশেষ অতিথি হিসেবে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি হৃষীকেশ দেববর্মা এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেববর্মা উপস্থিত ছিলেন। খোয়াই পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন নিবাস সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবং খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল ছিলেন আহ্বায়ক।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্তের মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এসময় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কর্মী সৌর প্রতিম শর্ম্মা উপনিষদের শান্তিমন্ত্র পাঠ করেন, যা এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এরপর খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
স্বাগত বক্তব্য রাখেন কমলেন্দু শীল, এরপর বক্তব্য রাখেন রঞ্জন দাস এবং প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত। মনোজ দেববর্মা উপস্থিত সকল খেলোয়াড়কে শপথ বাক্য পাঠ করান, যা ক্রীড়াসুলভ মনোভাবের গুরুত্ব তুলে ধরে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি নিবাস সাহার বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল ক্রীড়ানুষ্ঠান। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা। প্রথম দিনে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের নিয়ে বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, ম্যাডিসিন বল থ্রো, কক ফাইট, পঞ্চাশ মিটার দৌড় এবং একশ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। ক্রীড়ামোদী দর্শক-শ্রোতা ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতায় প্রথম দিনের ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন খোয়াই জেলার ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
