গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || বৃহস্পতিবার খোয়াইয়ের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক বাজারে হঠাৎই দুই মহিলার মধ্যে হাতাহাতির ঘটনায় মুহূর্তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমে যায়, অনেকে আবার মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করেই এই সংঘর্ষ শুরু হয়।
ঘটনার পর এক মহিলা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তুলে ধরেন। তাঁর বক্তব্য, স্বামীর এক বিবাহিত নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, স্বামী সংসারের প্রতি আর কোনো দায়িত্বশীলতা দেখাচ্ছেন না, এমনকি সন্তানদের খরচেরও ব্যবস্থা করছেন না।
অভিযোগকারী আরও জানান, তিনি একাধিকবার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু উল্টো হুমকির শিকার হতে হয়েছে তাঁকে। একসময় বিষয়টি থানায় পৌঁছলেও অভিযুক্ত স্বামী হাজির হননি। অভিযোগ রয়েছে, স্বামী ও অপর মহিলা প্রকাশ্যে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ওই মহিলা প্রশাসনের কাছে স্থায়ী সমাধান দাবি করেছেন। এদিকে, ব্যস্ত বাজারে প্রকাশ্যে এমন মারামারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
