মানিকবাজারে জনজাতি সমাজের উদ্যোগে দুর্গোৎসব : মায়ের রূপে জনজাতি সংস্কৃতির ছোঁয়া

সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || কথায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও, বাস্তবে তা আজ জাতি-জনজাতির মিলনমেলায় রূপ নিয়েছে। শহরের বড় বাজেটের পূজোর মতো জাঁকজমক গ্রামে না থাকলেও, আনন্দ-উচ্ছ্বাসে কোনও ঘাটতি নেই। তার প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল এলাকার মানিকবাজারে আয়োজিত দুর্গোৎসবে।
মানিকবাজার এলাকার জনজাতি ভাই-বোনেরা বহু বছর ধরে নিষ্ঠা ও ভক্তিভরে এই পূজা আয়োজন করে আসছেন। পুজোর প্রতিটি আচার-অনুষ্ঠান তারা পালন করেন চিরাচরিত নিয়ম মেনে। মায়ের আরাধনায় তাদের এই ব্রত যেন গ্রামীণ সংস্কৃতির সঙ্গে ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ।
এবারের পূজার বিশেষ আকর্ষণ ছিল দেবী দুর্গার অনন্য সাজ। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী পোশাক-আশাকে সজ্জিত মায়ের মূর্তি দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। স্থানীয়দের মতে, এই সাজে মা দুর্গা যেন কেবল পূজোর দেবী নন, বরং হয়ে উঠেছেন জনজাতি সংস্কৃতির জীবন্ত প্রতীক।
পুজোর উদ্বোধনে থাকেন জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং প্রবীণরা । সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিশু-কিশোররা নৃত্য-গান পরিবেশন করে। উপস্থিত দর্শকরা উল্লাসে মেতে ওঠেন।
এই দুর্গোৎসবকে ঘিরে পুরো মানিকবাজার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিবেশী গ্রাম থেকেও মানুষ ভিড় জমান এই অনন্য পুজো দেখার জন্য। ধর্মীয় ভক্তির পাশাপাশি সামাজিক মিলনমেলার আবহ তৈরি হয়, যা শহুরে পূজোর জৌলুসের সঙ্গে পাল্লা দিতে না পারলেও আন্তরিকতা ও হৃদয়ের টানে ভরপুর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*