গোপাল সিং, খোয়াই, ১৪ অক্টোবর || পুলিশি তৎপরতায় ফের মালিকের হাতে ফিরল চুরি যাওয়া মোটরবাইক। সিধাই থানার তারানগর এলাকা থেকে গত ৯ই সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নন্দন দেবনাথের TRO1Y-9732 নম্বরের হিরো এচিভার মোটরবাইকটি চুরি হয়। ঘটনার পর তিনি সিধাই থানায় একটি মিসিং ডায়রি নথিভুক্ত করেন।
তদন্তের সূত্র ধরে তথ্য পৌঁছায় খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে পুলিশের জালে আসে সেই চুরি যাওয়া বাইকটি। আজ সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের উপস্থিতিতে বাইকটি আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
নিজের বহু প্রতীক্ষিত বাইকটি ফেরত পেয়ে আনন্দে আপ্লুত মোহনপুর নিবাসী নন্দন দেবনাথ বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ খোয়াই পুলিশের প্রতি, বিশেষত ওসি রঞ্জিত সরকার মহাশয়ের প্রতি, যাঁর তৎপরতায় আমার বাইকটি ফিরে পেলাম।”
