পুলিশের বড়সড় সাফল্য: ‘প্রেস’ ও ‘টেলিকম’ লিখে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল মুঙ্গিয়াকামী থানা

গোপাল সিং, খোয়াই, ১৪ অক্টোবর || খোয়াই জেলায় আবারও নেশা ও মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল জেলা পুলিশ। মুঙ্গিয়াকামী থানার তৎপরতায় একের পর এক দুটি গাড়ি আটক হয়, যেগুলিতে ‘PRESS’ ও ‘ON DUTY TELECOM’ লেখা স্টিকার ব্যবহার করে চালানো হচ্ছিল গাঁজা পাচারের চক্র। পুলিশি তল্লাশিতে ধরা পড়ে ৩৬১ কেজি গাঁজা-সহ এক যুবক, আরেকটি গাড়ি থেকে উদ্ধার হয় আরও ২১৯ কেজি গাঁজা। উভয় গাড়ি ও চালককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, দুটি গাড়িতেই চালকরা পুলিশের চোখে ধুলো দিতে “ফেইক প্রেস” ও “টেলিকম” স্টিকার ব্যবহার করেছিল। এমনকি গাড়ির ভিতরে মিথ্যা পরিচয়পত্রও পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সংগঠিত মাদকপাচারচক্র এখন নতুনভাবে “ফেইক আইডি” ব্যবহার করে রাজ্যের মধ্য দিয়ে মাদক পরিবহনের চেষ্টা করছে।
পুলিশ প্রশাসনের এক কর্তা জানান, “এটি শুধু মাদক পাচারের ঘটনা নয়, আইনের চোখে এটি প্রতারণা ও সামাজিক আস্থার অপব্যবহার।”
এদিকে সামাজিক মহলে ক্ষোভ ছড়িয়েছে “ফেইক প্রেস আইডি” ব্যবহারকারীদের বাড়বাড়ন্ত নিয়ে। সাধারণ মানুষের মত, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা তথাকথিত নিউজ পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
স্থানীয়দের দাবি— “সরকার ও প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে ‘ফেইক আইডি’ সংস্কৃতি আগামী দিনে সমাজের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে।”
মুঙ্গিয়াকামী থানার এই অভিযান তাই শুধু মাদকবিরোধী পদক্ষেপ নয়— এটি সমাজে ‘ভুয়া পরিচয়ের আড়ালে অপরাধ’ প্রবণতার বিরুদ্ধেও এক শক্ত বার্তা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*