গোপাল সিং, খোয়াই, ২১ অক্টোবর || আলোর উৎসব দীপাবলি— সারা রাজ্য যখন উৎসবের উজ্জ্বলতায় ভাসছে, ঠিক তখনই খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশের এক অনন্য মানবিক উদ্যোগ নজর কাড়ল সকলের। সমাজের অন্ধকারে ছায়াচ্ছন্ন প্রান্তিক মানুষের দোরগোড়ায় আলো পৌঁছে দিতে স্বদলবলে পথে নামলেন তিনি।
খোয়াইয়ের নানা এলাকায় ঘুরে ওসি কৃষ্ণধন সরকার ও তাঁর টিম দু:স্থ মানুষের হাতে হাতে তুলে দেন মাটির তৈরী প্রদীপ, শাড়ি, জামা-কাপড়, মিষ্টি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। দীপাবলীর আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগে খুশির জোয়ার বইছে গোটা এলাকায়। শিশু থেকে বৃদ্ধ— সকলেই ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যদের।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে এই কর্মকাণ্ড প্রমাণ করল, দায়িত্বের পাশাপাশি মানবিকতার স্থানও কম নয় পুলিশের জীবনে। ওসি থেকে কনস্টেবল— সবারই পরিবার আছে, উৎসব আছে, তবু সমাজের কল্যাণে তাঁরা সদা ‘অন ডিউটি’। দীপাবলির এই শুভক্ষণে তাঁদের উদ্যোগ পুলিশ প্রশাসনের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
