আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || রামরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের অমানবিক আক্রমণের প্রতিবাদে শুক্রবার দক্ষিণ জেলার এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই। সংগঠনের ছাত্রনেতা আমির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন।
বিক্ষোভকারীরা দাবি তোলেন, শিক্ষকের দাবিতে আন্দোলনরত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপর যে বর্বর লাঠিচার্জ ও আক্রমণ চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, অপ্রত্যাশিত, ঘৃণ্য এবং গভীরভাবে দুর্ভাগ্যজনক। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের উপর এই ধরনের দমন-পীড়নমূলক পদক্ষেপ শাসক দলের স্বৈরাচারী মনোভাবেরই প্রতিফলন।
এনএসইউআই নেতৃত্বের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ঘটনায় জড়িত ওই পুলিশ অফিসারকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে—কেন এবং কার নির্দেশে স্কুল পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয়েছে।
পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে, পুলিশের উপস্থিতিতেই বিজেপি-সমর্থিত কিছু দুষ্কৃতী ছাত্রছাত্রীদের শারীরিকভাবে হেনস্থা করেছে ও টানা-হেঁচড়া করেছে। এনএসইউআই-এর দাবি, ওই মাফিয়াদের বিরুদ্ধে অবিলম্বে মামলা নিয়ে গ্রেফতার করতে হবে, না হলে রাজ্যজুড়ে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
