আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || শিশু ও কিশোরদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য মজবুত ভিত্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি, কারণ তারাই আগামী দিনের দেশ গঠনের মূল স্তম্ভ। এই ভাবনা থেকেই রাজ্য সরকার শিশু ও কিশোরদের সঠিক পরিচর্যা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য কর্মসূচি “মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান” চালু করেছে।
শুক্রবার তেলিয়ামুড়া টাউন হলে এই রাজ্যব্যাপী স্বাস্থ্য অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা।
রাজ্যজুড়ে এই অভিযানের আওতায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ০ থেকে ১৯ বছর বয়সী মোট ১০,৫৯,১৮২ জন শিশু ও কিশোর-কিশোরীকে অন্তর্ভুক্ত করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সংক্রান্ত পরামর্শ, টিকাকরণ ও মানসিক সুস্থতা নিয়ে নানা কার্যক্রমের মধ্য দিয়ে এই অভিযান চলবে।
মুখ্যমন্ত্রী বলেন, “শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বড় হতে সাহায্য করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের সুস্থ বিকাশই আগামী দিনের শক্তিশালী ও উন্নত ত্রিপুরার ভিত্তি গড়ে তুলবে।”
