আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর || ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তিরবাজার এলাকায় গতকাল রাতে ঘটে যায় এক নৃশংস ও পরিকল্পিত হামলা। ঘটনায় গুরুতরভাবে আহত হন সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং স্থানীয় ব্যবসায়ী সুব্রত পাল। প্রত্যেককেই গুরুতর অবস্থায় স্থানান্তরিত করা হয় আগরতলার জিবি হাসপাতালে।
শুক্রবার রাতে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, “আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকার অবশ্যই এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে বলে আমি আশাবাদী।”
