স্বামী–সন্তান ফেলে রহস্যময়ভাবে নিখোঁজ খোয়াইয়ের গৃহবধূ, উদ্বেগে পরিবার–পাড়া

গোপাল সিং, খোয়াই, ২৪ নভেম্বর || ত্রিপুরায় দাম্পত্য জীবনে অস্থিরতার জেরে সম্পর্কে ভাঙনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে—এমনই আশঙ্কা স্থানীয় সমাজবিশেষজ্ঞদের। তারই মধ্যে খোয়াইতে ফের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে চিন্তার আবহ তৈরি করেছে। তিনদিন ধরে স্ত্রীকে খুঁজে না পেয়ে উত্তর দূর্গানগর ওয়র্ড নং–১-এর বাসিন্দা অজিত তাঁতী সোমবার খোয়াই থানায় একটি মিসিং ডায়েরি নথিভুক্ত করেন।
অভিযোগ অনুযায়ী, অজিত তাঁতীর স্ত্রী পার্বতি ঘাটোয়াল ২০ নভেম্বর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। পেশায় রাজমিস্ত্রী অজিত জানান, তাঁর দুই অবুঝ কন্যা সন্তান এবং বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে এখন তিনি চরম সংকটে পড়েছেন। স্ত্রী নিখোঁজ হওয়ায় বাড়ির ছোট দুটি শিশুকে সামলাতে গিয়ে তিনি নিয়মিত কাজে যেতেও পারছেন না। পরিবারকে কীভাবে চালাবেন, তা নিয়েই দুশ্চিন্তা গ্রাস করেছে তাঁকে।
স্ত্রী স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, নাকি অন্য কারও প্রভাবে বেরিয়ে গেছেন—তা এখনো স্পষ্ট নয়। পরপুরুষের সঙ্গে পালানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রের দাবি। তদন্তে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
অজিত তাঁতী মিডিয়ার সামনে স্ত্রীকে দ্রুত সন্ধান করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনসহ মিডিয়ার প্রতি মানবিক আবেদন জানান। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে খোয়াইসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের পারিবারিক ভাঙনের ঘটনা বাড়ছে, যা সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে। পুলিশ পার্বতি ঘাটোয়ালের সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং সম্ভাব্য সকল সূত্র পরীক্ষা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*