দুটি বাইকের সংঘর্ষে নিহত এক, আহত এক — শোকের ছায়া শান্তিরবাজারে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারালেন এবং গুরুতর আহত হলেন আরও এক যুবক। সোমবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খবর পাওয়া মাত্রই শান্তির বজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জন দুর্ঘটনাগ্রস্থকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আর কে গঞ্জের বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথ (৪০)–কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় বেতাগা এলাকার বাসিন্দা অস্মীত ভৌমিক (২০)–কে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
দমকলকর্মী, পুলিশ ও নিকটবর্তী দোকানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে জানা যায়, দুই বাইকের মধ্যে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় টি আর ০৮–৬১৬২ নম্বরের স্প্লেন্ডার বাইক এবং টি আর ০১ এ ই–৮৪৪০ নম্বরের কেটিএম বাইক জড়িত ছিল। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্প্লেন্ডার চালক গৌরাঙ্গ দেবনাথ।
ঘটনার পর শান্তিরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় একটি মামলা রুজু করে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গৌরাঙ্গ দেবনাথের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*