আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে “ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ”। রাজ্যে দাবাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এ বছরের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করছে সংস্থাটি।
রবিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক। উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রশান্ত কুন্ডু, শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সাধারণ সম্পাদক কমল দেবসহ অন্যান্য কার্যকর্তারা।
অভিজিৎ মল্লিক জানান, দাবা খেলাকে উৎসাহিত করতে এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবারের টুর্নামেন্টে রাখা হয়েছে আকর্ষণীয় আর্থিক পুরস্কার। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। পাশাপাশি শীর্ষ বোর্ড পারফর্মারদের জন্য ১ম, ২য় ও ৩য় স্থানে ট্রফি প্রদানের ঘোষণাও করা হয়েছে।
এ বছরের লিগে দলগুলোর উন্নয়ন ও অবনমন পদ্ধতিতেও থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।
“ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ ১.০”-এর শীর্ষ ১০ দল খেলবে “ত্রিপুরা প্রিমিয়ার ডিভিশন চেস লিগ ১.০”-এ।
কোনো দল যদি প্রিমিয়ার ডিভিশন ২.০-তে অংশগ্রহণে অনিচ্ছুক হয়, তাহলে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হবে।
প্রিমিয়ার ডিভিশন ১.০-এর শীর্ষ ৮ দল থাকবে প্রিমিয়ার ডিভিশন ২.০-এ। সবচেয়ে কম স্কোর করা ২ দল অবনমিত হবে সুপার ডিভিশন ২.০-এ।
সুপার ডিভিশন ২.০-এর শীর্ষ ২ দল যোগ দেবে প্রিমিয়ার ডিভিশন ২.০-এর শীর্ষ ৬ দলের সঙ্গে।
এই পদ্ধতি অনুসারে প্রতি বছর উন্নয়ন ও অবনমনের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারিত হবে। যে কোনো সংখ্যক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিটি দলে থাকতে হবে ৪ জন খেলোয়াড়। এর মধ্যে কমপক্ষে ২ জন খেলোয়াড় ত্রিপুরার হওয়া বাধ্যতামূলক, বাকি ২ জন খেলোয়াড় রাজ্যের বাইরে থেকেও অংশ নিতে পারবেন।
ইচ্ছুক দলগুলো অনলাইন বা অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিসে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করতে পারবে। সুপার ডিভিশন দলের প্রবেশ ফি ২০০০ টাকা এবং প্রিমিয়ার ডিভিশন দলের প্রবেশ ফি ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে দাবা খেলাকে সমৃদ্ধ ও প্রসারিত করতেই এই উদ্যোগ—এতে অভিজ্ঞ ও নতুন দাবাড়ুদের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী আয়োজকরা।
