মোবাইল ট্র্যাকিংয়ে সাফল্য: পশ্চিম ত্রিপুরায় উদ্ধার ২৭টি হারানো মোবাইল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ও পুলিশি তৎপরতায় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ উদ্ধার করল মোট ২৭টি হারানো মোবাইল ফোন। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানালেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক।
পুলিশ সুপার জানান, বিভিন্ন থানায় মোবাইল হারানোর অভিযোগ ও জিডি এন্ট্রির ভিত্তিতে তদন্ত শুরু হয়। এর মধ্যে ২২টি মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ফোনগুলিও অভিযোগকারীদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিন সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এসপি নমিত পাঠক। তিনি জানান, বর্তমানে সাইবার ক্রাইম অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে, তাই সচেতনতা ও সতর্কতাই আক্রান্ত হওয়া থেকে বাঁচার প্রধান উপায়। কীভাবে সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।
পুলিশ সুপারের বক্তব্য, “মোবাইল হারালে সঙ্গে সঙ্গে থানায় জিডি এন্ট্রি করতে হবে এবং সাইবার সেলকে জানাতে হবে। দ্রুত পদক্ষেপ নিলে উদ্ধার সম্ভাবনা বাড়ে।”
মোবাইল ফিরিয়ে পেয়ে অভিযোগকারীদের মুখে স্বস্তির হাসি। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়লো বলে মনে করছেন অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*