তেলিয়ামুড়ায় গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য, উদ্ধার ৫২ কেজি শুকনো গাঁজা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ ডিসেম্বর || মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে ফের উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শনিবার সকাল নাগাদ আসাম–আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল নাকা পয়েন্টে পুলিশের তৎপরতায় প্রায় ৫২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ AS-01-MA-8228 নম্বরের একটি বোলেরো গাড়িকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ৪১ মাইল নাকা পয়েন্টে আটকায়। গাড়িটি আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসান, আইপিএস।
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে গাড়িটিতে তল্লাশি চালানো হলে অত্যন্ত কৌশলে গোপন স্থানে লুকিয়ে রাখা ৫২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসান জানান, আটক ব্যক্তিরা মূলত ‘কেরিয়ার’ হিসেবে কাজ করছিল। ঘটনার সঙ্গে জড়িত আসল মাস্টারমাইন্ডদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদারভাবে চলবে।
পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান যে অপরাধীদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা, তা এই অভিযানের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*