মোহনপুরে বিজেপি’র পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আসন্ন নির্বাচনে রেকর্ড জয়ের প্রত্যাশা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজয় নিশ্চিত করার নেপথ্যে যাঁরা নীরবে, মঞ্চের আলোর আড়ালে থেকে নিরলস পরিশ্রম করে চলেছেন, তাঁরাই দলের মূল চালিকাশক্তি—পৃষ্ঠা প্রমুখরা। এই পৃষ্ঠা প্রমুখদের ভূমিকার স্বীকৃতি ও সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই রবিবার মোহনপুর বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো একটি সুসজ্জিত সম্মেলন।
মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মোহনপুর বিধানসভা এলাকার ৫৬টি বুথ থেকে আগত মোট ১,১২০ জন পৃষ্ঠা প্রমুখসহ সমস্ত বুথ কমিটি, বিভিন্ন মোর্চা ও সেলের কার্যকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, সংগঠনের আত্মা হলেন পৃষ্ঠা প্রমুখরা। তাঁদের অকুণ্ঠ পরিশ্রম ও নিষ্ঠাই দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছে। তিনি আরও বলেন, পৃষ্ঠা প্রমুখদের সক্রিয় সহযোগিতায় আসন্ন এডিসি সহ অন্যান্য নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রেকর্ড সংখ্যক ভোটে পুনরায় বিজয় অর্জন করবে বলে তিনি আশাবাদী।
সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে এবং মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে নেতৃত্বের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*