আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || ভারতের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর ছাত্র শাখা হিসেবে পরিচিত এই সংগঠনটি ১৯৭০ সালে গঠিত হলেও এর শিকড় নিহিত রয়েছে ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত সারা ভারত ছাত্র ফেডারেশনের আন্দোলনধারায়। শিক্ষা, ছাত্র অধিকার, প্রগতিশীলতা ও ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সংগঠনটি সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
“শিক্ষা ও সংগ্রাম”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে আজ সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সৃজন দেব, সভাপতি প্রীতম শীল সহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সংগঠনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্ব। বক্তৃতায় নেতৃবৃন্দ ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন এবং একটি প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের আহ্বান জানান।
