আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || মেধা, মনন ও সৃজনশীল চিন্তাচেতনার এক অনন্য মহোৎসব হিসেবে শুক্রবার শুরু হলো ৪৪তম আগরতলা বইমেলা। হাঁপানীয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন, লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বইমেলা কেবল বই কেনাবেচার ক্ষেত্র নয়, এটি সাহিত্যচর্চা ও সংস্কৃতির বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডিজিটাল যুগের নানা আকর্ষণের মাঝেও নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে বইমেলার ভূমিকা অপরিসীম। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে এবং সুস্থ সমাজ গঠনে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।
এবারের বইমেলায় বিভিন্ন রাজ্য ও বহির্রাজ্যের নামী-দামি প্রকাশকদের অংশগ্রহণে বিপুল সংখ্যক স্টল বসেছে। পাশাপাশি সাহিত্যসভা, আলোচনা চক্র, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আয়োজকদের দাবি।
উল্লেখ্য, ৪৪তম আগরতলা বইমেলা আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
