শান্তিরবাজারে নবনির্মিত ৪০টি স্টলের শুভ উদ্বোধন, কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সূচনা, ব্যাপক জনসমাগম

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জানুয়ারি || শান্তিরবাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে নবনির্মিত স্টলগুলির শুভ উদ্বোধন করা হলো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কৃষি দপ্তরের অধীনে প্রায় ২২৮.৪৭১৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বীতল ভবন বিশিষ্ট মোট ৪০টি স্টল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
এদিন ফিতা কেটে স্টলগুলি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন কৃষিমন্ত্রী। উদ্বোধন পর্ব শেষে শান্তির বাজার অটল মার্কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ রাজ্য সরকারের কৃষক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও বাজার ব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, কৃষি দপ্তরের ডিরেক্টর ডঃ ফণীভূষণ জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
কৃষিমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে এদিন অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নতুন স্টল উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগে শান্তিরবাজারের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*