আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || অ্যাডভাইজার চৌমুনী এলাকায় এক উপজাতি সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সাংবাদিক মহলে। এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন প্রদান করা হয়।
মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং খুমলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল থানায় উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই একযোগে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
