আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || শান্তিপাড়াস্থিত তানিশা জুয়েলার্সে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উদ্ধার করল কাস্টমস দপ্তর। অভিযানের শেষে তানিশা জুয়েলার্সের মালিক রাকেশ দেবনাথকে গ্রেপ্তার করে কাস্টমস আধিকারিকরা।
কাস্টমস সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে শান্তিপাড়ার ওই গয়নার দোকানে তল্লাশি অভিযান শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা অভিযানে দোকান থেকে একাধিক সোনার বিস্কুট এবং আনুমানিক ২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী একটি ট্রাঙ্কে ভরে নিয়ে যান কাস্টমস আধিকারিকরা।
অভিযান শেষে দোকান মালিক রাকেশ দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার করে কাস্টমস দপ্তর। পরে কাস্টমস আধিকারিকদের সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাস্টমস দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থের উৎস এবং এর সঙ্গে কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
