আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || ত্রিপুরা বিধানসভার উদ্যোগে বিধানসভার লবিতে প্রাক্তন অধ্যক্ষ তথা জননেতা বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি সম্মান জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধানসভার সচিবসহ অন্যান্য বিধায়ক ও আধিকারিকরা।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে অতিথিরা প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন। তাঁরা বিধানসভার অভ্যন্তরে ও বাইরে তাঁর অবদান, নেতৃত্বগুণ এবং ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিশ্ববন্ধু সেন ছিলেন একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও জনদরদি নেতা, যাঁর অবদান ত্রিপুরা বিধানসভার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করা হয়।
