গন্ডাছড়ায় সাংবাদিক সমীর কপালীর ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম জার্নালিস্ট ইউনিয়নের

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জানুয়ারি || গন্ডাছড়ায় স্থানীয় সাংবাদিক সমীর কপালীর ওপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে। গত ৬ জানুয়ারি, মঙ্গলবার রাতে গন্ডাছড়ায় এক সমাজদ্রোহীর হামলার শিকার হন তিনি। অভিযোগ, উত্তর দেবনাথ নামে এক ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গন্ডাছড়ায় পৌঁছায় সাংবাদিক সংগঠন ‘ভয়েস অফ মিডিয়া’-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সংগঠনের রাজ্য সভাপতি কৌশিক অধিকারীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রভাত ঘোষ, অজয় ঘোষ, দীপঙ্কর সাহা-সহ ধলাই জেলার একঝাঁক স্থানীয় সাংবাদিক।
প্রতিনিধি দলটি প্রথমে হামলার স্থান পরিদর্শন করে পরে সরাসরি গন্ডাছড়া থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। সেখানে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত উত্তম দেবনাথকে গ্রেফতার করতে হবে।
এ বিষয়ে রাজ্য সভাপতি কৌশিক অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন,
“২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীঘরে না পাঠালে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”
সাংবাদিকের ওপর এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘জার্নালিস্ট ইউনিয়ন অফ ত্রিপুরা’-ও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় না আনা হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে সাংবাদিক সংগঠনগুলো।
সূত্রের খবর, অভিযুক্ত উত্তম দেবনাথ পুলিশের খাতায় ‘পলাতক’ হিসেবে চিহ্নিত থাকলেও এলাকায় তাকে প্রকাশ্যেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। পুলিশের এই ভূমিকা নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এখন দেখার বিষয়, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কি না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*