গোপাল সিং, খোয়াই, ০৯ জানুয়ারি || নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে খোয়াই শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার বাইজালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হলো একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। খোয়াই জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে নেশা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করা।
দুপুর আনুমানিক ১টা নাগাদ প্রীতি ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা সহ শিক্ষা দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই আয়োজনের কনভেনার ছিলেন পদ্মবিল আইএস বিষ্ণু দত্ত।
এদিনের প্রীতি ম্যাচে মুখোমুখি হয় খোয়াই আইএস (Inspector of Schools) বনাম পদ্মবিল আইএস দল। খেলাটি ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মাঠে উপস্থিত দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, শিক্ষা দপ্তরের এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে নেশার কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতেই এই ধরনের প্রীতি ম্যাচের আয়োজন। খেলায় সবক’টি উইকেটের বিনিময়ে খোয়াই ১৮৩ রান তুলতে সক্ষম হয়। জবাবে তাড়া করতে নেমে পদ্মবিল সবক’টি উইকেট খুইয়ে ১৫৩ রানই করতে সক্ষম হয়। ম্যাচের সেরা হয় অচিন্ত রায়। হার-জিতের প্রশ্নের উর্দ্ধে দুই শিক্ষা দপ্তরের উদ্দ্যেশ্য জয়ী হয় এদিন। খোয়াই আইএস এদিন খেলল ‘ড্রাগসের’ বিপক্ষে এবং পদ্মবিল আইএস খেলল ‘চাইল্ড মেরিজ’ এর বিপক্ষে।
উল্লেখ্য, এই প্রীতি ক্রিকেট ম্যাচটি আয়োজন করে পদ্মবিল শিক্ষা পরিদর্শক দপ্তর (Education Inspectorate, Padmabil) খোয়াই জেলা শিক্ষা দপ্তর ও খোয়াই শিক্ষা পরিদর্শক দপ্তরের সহযোগিতায়। আয়োজকদের মতে, ভবিষ্যতেও নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
