বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জানুয়ারি || শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামপ্রসাদ পাড়ায় বিজেপির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। আসন্ন এডিসি নির্বাচনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকাকে বিরোধীশূন্য করে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে চলেছেন ৩৬-শান্তিরবাজার মণ্ডলের বিজেপি নেতৃত্ববৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, এডিসি এলাকায় পূর্বে যারা বিজেপি সমর্থক ছিলেন এবং ২০১৮ সালের নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে কিছু সংখ্যক ভোটারকে প্রলোভন দেখিয়ে তিপ্রামথা দল নিজেদের শিবিরে নিয়ে যায়। তবে বর্তমান সময়ে তিপ্রামথা দলে অবহেলার শিকার হয়ে সেই সকল মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় বিজেপিতে যোগদান করছেন।
এই প্রেক্ষিতেই বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ৩৬ শান্তিরবাজার মণ্ডলের ৩২ ও ৪৭ নম্বর বুথের অন্তর্গত রামপ্রসাদ পাড়ায় যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় বিরোধী দল ত্যাগ করে ২০টি পরিবারের মোট ৬৪ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।
নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। যোগদান সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “গত পাঁচ বছরে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকায় তিপ্রা মথা দল উন্নয়নের জন্য একটি ইটও কেনেনি। রাজ্য সরকারের অর্থেই এই এলাকায় উন্নয়নমূলক কাজ হয়েছে। এডিসির তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা হয়নি।”
তিনি আরও দাবি করেন, উন্নয়নের বাস্তব চিত্র সামনে আসায় প্রতিদিনই বহু মানুষ তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আসন্ন এডিসি নির্বাচনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
