আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || আগামী এপ্রিল মাসেই স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (এডিসি)-র বর্তমান মেয়াদ শেষ হতে চলেছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এডিসি নির্বাচন সম্পন্ন করার দাবিতে ফের সাংবাদিক সম্মেলন করে মথা নেতৃত্ব। বৃহস্পতিবার আগরতলার একটি বিয়েবাড়িতে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে সময়মতো নির্বাচন আয়োজনের জোরালো দাবি জানানো হয়।
মথা নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে এবং প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থে এডিসির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করা একান্ত জরুরি। নির্ধারিত সময় পেরিয়ে গেলে সাংবিধানিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মথার মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের পিএম রবীন্দ্র দেববর্মা, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া সহ মথার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
