গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার বলবীর সিং

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ হাঁপানি ও সবুজ পল্লী গোয়ালাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালায়। অভিযানে বলবীর সিং ওরফে ভিক্টু সিং-এর বাড়ি থেকে বিপুল পরিমাণ বন্দুকের গুলির খোসা, গুলি তৈরির তাজা বারুদ এবং বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের শেষে অভিযুক্ত বলবীর সিং ওরফে ভিক্টু সিং-কে গ্রেফতার করে পুলিশ।
এই অভিযানে আমতলী থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল, মহিলা সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমতলির এসডিপিও পারমিতা পান্ডে এবং পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ।
পুলিশের তরফে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী ও পুরো এলাকা খুঁটিয়ে পরীক্ষা করেন।
মঙ্গলবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও পারমিতা পান্ডে জানান, ধৃত বলবীর সিং-এর বিরুদ্ধে কলমচৌড়া থানায় আগেও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। সেই ঘটনায় সে তার নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। তিনি আরও জানান, ধৃতকে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*