সাব্রুমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে সু-বিশাল জনসভা ও যোগদান সভা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৭ জানুয়ারি || এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ৪০ সাব্রুম মণ্ডলের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মনুঘাট এলাকার সামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সু-বিশাল জনসভা ও যোগদান সভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, ৪০ সাব্রুম মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, ৩৯ মনুবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাল্রাফ্রুই মগ, দক্ষিণ জেলার বিজেপি জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এডিসি প্রশাসনে অডিট প্রসঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, এডিসিতে যদি অডিট না হয়, তবে বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে অডিট করিয়ে ত্রিফামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
এরপর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর ভাষণে সিপিআই(এম) শাসনামলে কংগ্রেস কর্মীদের অবস্থান ও রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তিনি ত্রিফামথা দলকে সতর্কবার্তা দেন এবং প্রয়োজনে নির্বাচনে জোটে যাওয়ার জন্য বিজেপি প্রস্তুত রয়েছে বলেও জানান।
এদিনের জনসভায় রাজনৈতিক যোগদান পর্বও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন দল ছেড়ে মোট ১৯৯টি পরিবারের ৬০৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন, যা এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলে দলীয় নেতৃত্বের দাবি।
সমগ্র জনসভা জুড়ে বিপুল জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*