গোপাল সিং, খোয়াই, ০১ ফেব্রুয়ারি || খোয়াই জেলা হাসপাতালের সামনের বাউন্ডারি ওয়ালের অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও রোগীর আত্মীয়স্বজনরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকা হাসপাতালের বাউন্ডারি ওয়াল যেকোনো সময় ভেঙে পড়তে পারে, অথচ কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবল কয়েকটি ছোট আকারের সতর্কীকরণ ফ্লেক্স ঝুলিয়ে দায়িত্ব সেরেছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে লেখা: ‘হাসপাতালের সীমানা প্রাচীর (Boundary Wall) দুর্বল অবস্থায় রয়েছে।সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে অনুগ্রহ করে হাসপাতালের সীমানা প্রাচীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উক্ত স্থানের নিকট অবস্থান করার ফলে যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে, সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। —হাসপাতাল কর্তৃপক্ষ।’
স্থানীয়দের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এত বড় ঝুঁকিপূর্ণ দেওয়ালের ক্ষেত্রে কেবল কয়েকটি মিনি ফ্লেক্সে সতর্কীকরণ বার্তা ঝুলিয়ে রাখা কোনোভাবেই পর্যাপ্ত নয়। মূল সড়ক সংলগ্ন এই দেওয়াল দিয়ে প্রতিদিন রোগী, সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া, অফিসযাত্রী এবং প্রশাসনিক কর্মীদের নিয়মিত চলাচল রয়েছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশেষ করে হাসপাতাল চত্বরে শিশু, বৃদ্ধ ও মুমূর্ষু রোগীদের চলাচল যেমন বেশি, তেমনি দেওয়ালের অপর পাশে ছোট দোকানদাররা জীবিকার তাগিদে দোকান পরিচালনা করছেন। তাদের নিরাপত্তাও চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ।
স্থানীয়দের আরও অভিযোগ, এমন একটি গুরুতর বিষয় নিয়ে জনসচেতনতা বাড়ানোর পরিবর্তে কর্তৃপক্ষ কেবল দায়িত্ব এড়ানোর মনোভাব দেখাচ্ছে। দ্রুত বাউন্ডারি ওয়ালের সংস্কার বা পুনর্নির্মাণ না করা হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে খোয়াইবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ দেওয়াল সংস্কার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
