নবারুন চক্রবর্তী, সাব্রুম, ০১ ফেব্রুয়ারী || মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার হাত ধরে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশামুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০-এর সমাপনী অনুষ্ঠান। শনিবার বিকাল ৪টা নাগাদ বিলোনিয়া বিদ্যাপীঠ প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় সাতচাদ সার্ক বনাম ঋষ্যমুখ ব্লক।
দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ
মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, দক্ষিণ ত্রিপুরা পুলিশ সুপার মারিয়া কৃষ্ণ, দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিশিষ্ট সমাজসেবক দীপঙ্কর সেন, অশোক মিত্র, স্বপ্না মজুমদার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবরণ, প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজের কিছু সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন SSC GD-তে চাকরি প্রাপ্ত যুবকরা এবং যারা একসময় মাদকাসক্ত থাকলেও বর্তমানে নেশা ত্যাগ করে নতুন জীবনের পথে ফিরেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ফুটবল মাঠে ফুটবলারদের মূল লক্ষ্য হওয়া উচিত গোল করা। ত্রিপুরা আজ দেশের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। ফুটবলকেও আরও এগিয়ে নিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, যুবসমাজ যত বেশি খেলাধুলায় যুক্ত থাকবে, তত বেশি তারা নেশার আসক্তি থেকে দূরে থাকবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, “মাদক শুধুমাত্র একটি জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা তরুণদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে সহায়ক।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ অব্যাহত থাকবে।
