বিশ্ব কুষ্ঠ দিবসে সচেতনতা কর্মসূচি, রোগমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান

সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ফেব্রুয়ারী || ধলাই জেলার গন্ডাছড়ায় ৩০ জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে রাইমা সাইমা কলাক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গন্ডাছড়া বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম বি. ডালং, এপ্যালো কলই, বিডিও, এসডিএমও ডাঃ প্রীতম দেববর্মা, স্কুল পরিদর্শক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় মানুষজন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এসডিএমও ডাঃ প্রীতম দেববর্মা কুষ্ঠ রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, প্রতিরোধ ব্যবস্থা এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি জানান, সময়মতো রোগ শনাক্ত ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য।
বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং মহকুমার বিভিন্ন এলাকায় নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজনের ওপর জোর দেন। পাশাপাশি আক্রান্তদের নমুনা ফ্লেক্স প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন। তিনি আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, গ্রামস্তরে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহকুমা স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেববর্মা জানান, ধলাই জেলায় বর্তমানে মোট ১৮ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে গন্ডাছড়া মহকুমায় রয়েছেন ১২ জন। এই পরিসংখ্যানের ভিত্তিতে গন্ডাছড়ায় চিকিৎসা পরিষেবা ও সচেতনতা কর্মসূচি আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে দলপতি এলাকার এক কুষ্ঠ রোগীকে হুইলচেয়ার প্রদান করা হয়। এই মানবিক উদ্যোগে উপস্থিত সকলেই অংশ নেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতা কর্মসূচি একদিকে যেমন রোগীদের প্রারম্ভিক চিকিৎসা নিশ্চিত করবে, তেমনি সমাজে প্রচলিত কুসংস্কার দূর করে কুষ্ঠ রোগীদের মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ গন্ডাছড়ায় একটি রোগমুক্ত, মানবিক ও সচেতন সমাজ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*