নবারুন চক্রবর্তী, সাব্রুম, ০১ ফেব্রুয়ারী || নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তাকে সামনে রেখে ফুটবল জোয়ারে ভাসল গোটা বিলোনিয়া। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই মাসব্যাপী নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শনিবার বিলোনিয়া বিদ্যাপীঠ প্লে গ্রাউন্ডে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা বিধানসভার সদস্য দীপঙ্কর সেন, অশোক মিত্র, স্বপ্না মজুমদার, মাইলাফ্রু মগ এবং দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
দিন-রাত্রির এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সাত চাঁদ সার্ক বনাম ঋষ্যমুখ প্লেয়িং ইলেভেন। খেলা শুরু হওয়ার আগেই প্লে গ্রাউন্ডে কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা ও রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হয়।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দু’দলই দ্রুতগতির পাসিং ও শক্তিশালী ডিফেন্সিভ কৌশল প্রদর্শন করে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউটে সাত চাঁদ সার্ক দল ৪-২ গোলের ব্যবধানে ঋষ্যমুখ প্লেয়িং ইলেভেনকে পরাজিত করে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশামুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০–এর শিরোপা জয় করে।
খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন সাত চাঁদ সার্ক দল এক লক্ষ টাকা নগদ অর্থ ও ট্রফি লাভ করে।
খেলা শুরুর পূর্বে আলোচনায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যুবসমাজকে নেশা থেকে দূরে রেখে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে যুবসমাজ সুস্থ ও সবল জীবন গঠনে আরও এক ধাপ এগিয়ে আসবে।
নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট বিলোনিয়ার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
