বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ ফেব্রুয়ারী || শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিকদের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে শনিবার সাব্রুম মহকুমা অফিসে সিআইটিইউ-র উদ্যোগে এক মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনে সাব্রুম মহকুমা এলাকার শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিকদের পাশাপাশি ছাত্র-যুব, নারী, শিক্ষক ও কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভাস্থল ছিল পরিপূর্ণ উৎসাহ ও প্রতিবাদী চেতনায় মুখর।
কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস দত্ত, জিএমপি নেতা অরুণ ত্রিপুরা, ক্ষেতমজুর নেতৃত্ব চিত্তরঞ্জন বসাক, কর্মচারী নেতৃত্ব পুলিন ত্রিপুরা, শ্রমিক নেতা দীপক দে সহ অন্যান্য নেতৃত্বরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিকদের জীবনে চরম সংকট ডেকে এনেছে। শ্রম আইন সংশোধন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সামাজিক সুরক্ষার উপর আঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
কনভেনশন থেকে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয় এবং ধর্মঘটের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
