জুয়ার আসরে হানা পুলিশের, খোয়াই থানা ও পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে জুয়ার কার্ড ও নগদ অর্থ সহ ৪ জুয়ারি গ্রেপ্তার

গোপাল সিং, খোয়াই, ০৭ ফেব্রুয়ারি || খোয়াই থানা ও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে জুয়ার আসরে হানা দিয়ে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জুয়ার কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ত্রিপুরা গেম্বলিং অ্যাক্টের ১২ ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই থানার সাব-ইন্সপেক্টর মদন সরকার স্টাফসহ খোয়াই থানাধীন বনকর এলাকার বাসিন্দা নিখিল ঘোষের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালান। সেখানে চারজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছিল। অভিযান চলাকালীন তাঁদের কাছ থেকে মোট ৫২টি তাস এবং ৩,৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চারজনকেই গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় চারটি পৃথক প্রসিকিউশন রিপোর্ট দায়ের করা হয়েছে ত্রিপুরা গেম্বলিং অ্যাক্টের ১২ ধারায়। ধৃতরা হলেন — দিব্যেন্দু গোপে, অফিস টিলা; দুলাল ঘোষ, মারানদি; লিটন দাস, গণকি; এবং হরিপদ দে, পূর্ব গণকি।
খোয়াই জেলা পুলিশের নেতৃত্বে খোয়াই থানা, মহিলা থানা ও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিয়মিতভাবে মদ, জুয়া ও নেশা বিরোধী অভিযান চললেও, স্থানীয় মহলের অভিযোগ— মূল চক্রী বা মাষ্টারমাইন্ডরা এখনও পুলিশের জালে ধরা পড়ছে না। ফলে ধরপাকড়ের পরও নীরবে মদ, জুয়া ও নেশার কারবার চলতে থাকছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*