গভীর রাতে বনদপ্তরের বড় সাফল্য, অবৈধ সেগুন ও রাঙ্গাই কাঠ সহ গাড়ি আটক

গোপাল সিং, খোয়াই, ১১ ফেব্রুয়ারী || কৈলাসহরের তিলকপুর এলাকায় গভীর রাতে অবৈধ কাঠ পাচারের একটি বড় প্রচেষ্টা ভেস্তে দিল বনদপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাইট পেট্রলিং চলাকালীন বনদপ্তরের কর্মীরা TR02L1833 নম্বরের একটি কাঠবোঝাই গাড়ি আটক করতে সক্ষম হন।
বনদপ্তর সূত্রে জানা গেছে, আটক গাড়িটি থেকে প্রায় দুই কাম পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের মধ্যে মূল্যবান রাঙ্গাই ও সেগুন কাঠ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোনও বৈধ নথিপত্র ছাড়াই এই বিপুল পরিমাণ কাঠ পাচারের চেষ্টা চলছিল বলে বনদপ্তরের দাবি।
তবে বনদপ্তরের তৎপরতা টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে বনদপ্তর এই ঘটনার সঙ্গে জড়িত পাচারচক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মতে, সীমান্ত ও প্রত্যন্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরেই অবৈধ কাঠ পাচারের অভিযোগ উঠছে। বনদপ্তরের এই অভিযানে সেই চক্রের বিরুদ্ধে বড়সড় বার্তা গেল বলেই মনে করা হচ্ছে। বনদপ্তর জানিয়েছে, আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*