আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || বিকশিত ভারত জি-রাম আইন ২০২৫ প্রণয়নের উপলক্ষে বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বর্ণাঢ্য জনপ্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন গ্রাম উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায় ও সান্তনা চাকমা সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত জি-রাম জনপ্রতিনিধি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য তিনি রাজ্যের বিধায়কগণ, জেলা সভাধিপতিগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানসহ বিভিন্ন স্তরের সকল জনপ্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
তিনি আরও বলেন, গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকবৃন্দ, জেলা শাসকগণ, বিডিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যে নিষ্ঠা, দায়বদ্ধতা, শৃঙ্খলা ও সমন্বয়ের সঙ্গে এই সম্মেলনকে সফল করে তুলেছেন, তা প্রশংসনীয়। তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধভাবে ২০৪৭ সালের মধ্যে এক উন্নত ও বিকশিত ভারত গঠনে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য পূরণে রাজ্য সরকারও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি।
