নবারুন চক্রবর্তী, সাব্রুম, ১২ ফেব্রুয়ারী || ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই খাদ্যশস্যের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য বাস্তবায়নে রাজ্য সরকার বিভিন্ন কৃষককল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
ধানের মূল্য হ্রাসের ফলে কৃষকদের সম্ভাব্য ক্ষতি রোধে বর্তমান রাজ্য সরকার ২০১৮ সালের রবি মরশুম থেকে প্রথমবারের মতো ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি খারিফ মরসুমেও খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় ২৩৬৯ টাকা প্রতি কুইন্টাল দরে মোট ১৮,০০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্যে শুক্রবার সাতচাঁদ আর ডি ব্লকের অধীন রাজীব নগর মাঠে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ এবং এসও মনোহর দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং তাঁদের আর্থিক নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
