নবারুন চক্রবর্তী, সাব্রুম, ১২ ফেব্রুয়ারী || আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের সঙ্গেই ভিলেজ কমিটির (ভিসি) নির্বাচন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই নির্দেশকে স্বাগত জানিয়ে এবং তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করল তিপ্রামথা।
শুক্রবার তিপ্রামথার ৩৯ নম্বর মনুবংকুল অ্যাসেম্বলি ব্লক প্রেসিডেন্ট মনিন্দ্র ত্রিপুরার নেতৃত্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃত্ব জানায়, প্রায় এক দশক ধরে ভিলেজ কমিটি ও এডিসি নির্বাচন না হওয়ায় রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তাদের অভিযোগ, বর্তমান রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই নির্বাচন বিলম্বিত করে গ্রামাঞ্চলের মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করেছে।
মনিন্দ্র ত্রিপুরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ভিসি এলাকায় উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত থেকেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে অবশেষে গণতন্ত্রের পথে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এডিসি ও ভিসি নির্বাচন একসঙ্গে করার দাবিতে তিপ্রামথা শুরু থেকেই আন্দোলন করে আসছিল। দলের ধারাবাহিক আন্দোলন ও আইনি লড়াইয়ের ফলেই দেশের সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আদালতের নির্দেশ কার্যকর হলে গ্রামীণ এলাকায় উন্নয়নের গতি বাড়বে এবং মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার পুনরুদ্ধার করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিপ্রামথা নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়।
