গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারী || ভিলেজ কমিটি ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রদ্যোত দেববর্মণের দায়ের করা রিট পিটিশন (সিভিল) নম্বর ৭৮৬/২০২৫ মামলায় বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) শীর্ষ আদালতে শুনানি হয়।
বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী গোপাল শংকরনারায়ণনসহ একাধিক আইনজীবী এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটার জেনারেল কে. এম. নটরাজ আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিতে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা একটি নতুন নোটিফিকেশনের মাধ্যমে পূর্ববর্তী তিনটি নোটিফিকেশন প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান ভিলেজ কমিটিগুলিকে পুনর্গঠনের মাধ্যমে যে ১২৩টি নতুন ভিলেজ কমিটি গঠনের পরিকল্পনা ছিল, তা আর কার্যকর হবে না।
এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে আগামী নির্বাচন সম্পন্ন করার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে আদালতকে জানাতে হবে। পাশাপাশি, জেলা পরিষদ এবং ভিলেজ কমিটির নির্বাচন একসঙ্গে করা সম্ভব কি না, সে বিষয়েও হলফনামার মাধ্যমে আদালতকে অবহিত করতে হবে।
ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী রঞ্জিত কুমার আদালতের কাছে এ বিষয়ে হলফনামা দাখিলের জন্য দুই সপ্তাহ সময় প্রার্থনা করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে কমিশনকে দুই সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৬।
