ভগৎ সিং যুব আবাসে টিডব্লিউজেএ-র দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী || আগরতলার সরকারি ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গণে শুরু হলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (TWJA)-এর দ্বিবার্ষিক ত্রিপুরা রাজ্য সম্মেলন। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
শনিবার বেলা প্রায় ১২টা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয় অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিজয় পাল এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টস (IFWJ)-এর জাতীয় সম্পাদক আনন্দ পুলিপালুপুলা।
উদ্বোধনী অধিবেশনের পর আয়োজিত হয় একটি মিডিয়া কর্মশালা। সেখানে ‘South Asian Women in Media’ (ইন্ডিয়ান চ্যাপ্টার)-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মধুমিতা দত্ত এবং মাধ্যম.কম-এর সিনিয়র সাংবাদিক ত্রিদিব ভট্টাচার্য সমসাময়িক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, নৈতিকতা ও পেশাগত দায়িত্ব নিয়ে তাঁদের বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সম্মেলনের দ্বিতীয় দিন, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিনিধিদের অধিবেশন, যার উদ্বোধন করবেন বিধানসভার ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল। এই অধিবেশনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে ত্রিপুরা কর্মরত সাংবাদিক সমিতির নতুন রাজ্য কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বর্তমান সরকার সংবাদবান্ধব সরকার এবং সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকবে। তিনি সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভাজন দূর করে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান এবং সম্মেলনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*