সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ ফেব্রুয়ারী || আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার জগবন্ধু পাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টি-র উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় বিরোধী শিবিরে বড় ধাক্কা দিয়ে ১০৯টি পরিবারের মোট ২৪৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে শামিল হন। দলীয় সূত্রের দাবি, যোগদানকারীদের অধিকাংশই তিপ্রা মথা এবং অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, “জনজাতি এলাকার মানুষ আর ফাঁকা প্রতিশ্রুতি বা আবেগের রাজনীতিতে বিশ্বাসী নন; তারা চান শান্তি, স্থিতিশীলতা ও দৃশ্যমান উন্নয়ন।” তাঁর অভিযোগ, বর্তমান এডিসি প্রশাসন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং উন্নয়নের বদলে বিভ্রান্তির রাজনীতি করছে।
মন্ত্রী আরও স্পষ্ট করেন, রাজ্য সরকারে তিপ্রা মথার সঙ্গে জোট থাকলেও এডিসি নির্বাচনে কোনও জোট নেই। শিক্ষা, অবকাঠামো, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগ জনজাতি সমাজে বাস্তব পরিবর্তন এনেছে বলেও দাবি করেন তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, ধলাই জেলা বিজেপির সহ-সভাপতি বিকাশ চাকমা এবং রাইমাভ্যালী মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা-সহ অন্যান্য নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
উল্লেখ্য, রাইমাভ্যালী বিধানসভা আসনটি একটি হলেও এর ভৌগোলিক সীমানায় দুটি এডিসি আসন রয়েছে। আসন্ন নির্বাচনে এই দুই আসনেই জয় নিশ্চিত করতে বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০৯ পরিবারের এই গণযোগদান নির্বাচনের প্রাক্কালে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
নবাগত ভোটারদের বক্তব্য, প্রতিশ্রুতি ভঙ্গ ও বিভাজনের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়েই তারা উন্নয়নের মূল স্রোতে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবমিলিয়ে, এডিসি নির্বাচনের আগে রাইমাভ্যালী এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হওয়ার ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের।
