আগরতলা–খোয়াই জাতীয় সড়কে ধুলো দূষণ রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক রঞ্জিত দেববর্মার

গোপাল সিং, খোয়াই, ২৫ ফেব্রুয়ারী || আগরতলা থেকে খোয়াই পর্যন্ত এনএইচ-১০৮(বি) জাতীয় সড়কে চলমান নির্মাণকাজের কারণে সৃষ্ট তীব্র ধুলো দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। ২৪ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে তিনি দ্রুত রাস্তায় নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা এবং বিকল্প সড়কের রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে এনএইচ-১০৮(বি) সড়কে নির্মাণকাজ চলার ফলে ব্যাপক ধুলো সৃষ্টি হচ্ছে, যার কারণে যাত্রী, চালক, অফিসযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। তিনি জানান, অনেক সময় অতিরিক্ত ধুলোর কারণে যাত্রাপথে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটছে।
বিধায়ক আরও আশঙ্কা প্রকাশ করেন, নির্মাণকাজের কারণে প্রায়শই যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বর্ষা মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই বেলফাং, বড়মুড়া হিল (খোয়াই জেলা) থেকে শুরু করে সিধাইয়ের মোহনপুর সৎসঙ্গ আশ্রম পর্যন্ত অফিস সময়ের মধ্যে নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
একই সঙ্গে মোহনপুর মণিপুরী চৌমুহনী থেকে রামচন্দ্রঘাট বরকাঠাল, চাচু, আসরাই, মংলাম ও আমপুরা হয়ে রামচন্দ্রঘাট পর্যন্ত সড়কটিকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন তিনি। জরুরি পরিস্থিতি ও বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই বিকল্প সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
চিঠির অনুলিপি মুখ্য সচিব, পিডব্লিউডি (আরঅ্যান্ডবি) দপ্তরের সচিব, জাতীয় সড়ক দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকৌশল আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন কত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*