গন্ডাছড়ায় এমডিসি কাপের জমকালো ফাইনাল, ক্রীড়া উন্মাদনায় মুখর জগবন্ধু পাড়া

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৫ ফেব্রুয়ারী || গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়ায় অনুষ্ঠিত এমডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এমডিসি ভূমিকা নন্দ রিয়াং-এর উদ্যোগ ও প্রচেষ্টায় আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলা—উভয় বিভাগের দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
ফাইনাল ম্যাচে মাঠজুড়ে ছিল তীব্র লড়াই, ক্রীড়াসুলভ মনোভাব ও অসাধারণ পারফরম্যান্সের ছাপ। খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা জগবন্ধু পাড়া এলাকা। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। উভয় দলকেই আন্তরিক অভিনন্দন জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ-তরুণীদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং, বিএসি চেয়ারম্যান প্রেমসধন ত্রিপুরা, সমাজসেবী ধন্য মানিক ত্রিপুরা, বিকাশ চাকমা, আদিত্য সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুধু ফুটবলকেই উৎসাহিত করে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। স্থানীয় বাসিন্দারাও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান।
এমডিসি কাপের সফল আয়োজন গন্ডাছড়া মহকুমায় ক্রীড়া চর্চার ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*