বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ ফেব্রুয়ারী || দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক-এর অন্তর্গত নিহারনগর এলাকার কৃষ্ণপুরে রাস্তার একটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নির্ধারিত মান অনুযায়ী লোহার রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার সংস্থা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি বরাদ্দের অর্থে নির্মীয়মাণ এই কালভার্টে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করতে পারে। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানিয়ে বাধা প্রদান করেন। তবে অভিযোগ, ঠিকাদার পক্ষ সেই আপত্তি আমলে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর একাংশ জানান, “লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করলে কাঠামোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা চাই সঠিক উপকরণ দিয়ে কাজ হোক।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও প্রকল্পের গুণগত মান যাচাইয়ের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
