দিনমজুরের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

গোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী || কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না এক সন্তানের বাবার। লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত গণেশ চৌধুরী পাড়ার বাসিন্দা দিনমজুর অমল ভীলের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অমল ভীল প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি আরও দু’জনের সঙ্গে কাজে গিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবারের দাবি, অমল ভীলের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, যাঁদের সঙ্গে অমল ভীল কাজে গিয়েছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*