গোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী || বাংলাদেশে গবাদি পশু পাচারের চেষ্টা নস্যাৎ করে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং বি এস এফ (৭০ নম্বর ব্যাটালিয়ন)-এর যৌথ অভিযানে উদ্ধার করা হয় ৬টি গবাদি পশু। ঘটনায় এক দাগী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল রেকর্ডিংয়ে স্পষ্ট এই সূত্র ধরে এবার খোয়াইয়ের বড়সর পাচারকারীদের জালে তুলতে মাঠে নামতে পারে খোয়াই পুলিশ প্রশাসন।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আজ সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে খোয়াই থানার অন্তর্গত বড় বাঘাই সীমান্ত সেক্টরে নিয়মিত টহল চলাকালীন এসআই মদন সরকার ও এসআই ফ্রান্সিস হালামসহ টিএসআর ও বিএসএফের যৌথ অভিযানে একটি রাবার বাগান সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন অবস্থায় গবাদি পশুগুলি উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে অনুমান, সীমান্তের কাঁটাতারের নিকটে পশুগুলি জড়ো করে বাংলাদেশে পাচারের প্রস্তুতি চলছিল।
অভিযান চলাকালীন পাচারকারী দলের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও যৌথবাহিনীর তৎপরতায় এক দাগী অভিযুক্তকে আটক করা হয়। ধৃতের নাম সুমন সূত্রধর (৩৫), বাড়ি সিঙ্গিছড়া ২ নম্বর এলাকায়।
এ বিষয়ে কৃষ্ণধন সরকার, ওসি, খোয়াই থানা জানান, উদ্ধার হওয়া গবাদি পশুগুলি আইনানুগ প্রক্রিয়ায় আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হবে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
