সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩, আহতদের মধ্যে এক শিশু

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ মার্চ || সাব্রুম মহকুমার সাতচাঁদ এলাকায় আবারও ঘটে গেল সড়ক দুর্ঘটনা। বুধবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিট নাগাদ সাতচাঁদ নং–২ এলাকার মা প্রতিভা পেট্রোল পাম্পের সামনে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দ শুনে এলাকার বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুই বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করেন। অপরদিকে আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকের নম্বর হলো TR08F-9191 এবং TR03D-7895।
আহতদের মধ্যে রয়েছেন সাব্রুম পূর্ব হরিনা এলাকার বাসিন্দা সুমিত চক্রবর্তী (২৫), পিতা স্বপন চক্রবর্তী। অন্য বাইকে থাকা আহত ব্যক্তি হলেন দেবদারু এলাকার বাসিন্দা নেপাল বনিক (৫২), পিতা হেমচন্দ্র বনিক। এছাড়া আহত শিশুটির নাম রাজদ্বীপ তাঁতি (৫), পিতা রাজেশ্বর তাঁতি, বাড়ি আগরতলার রানীরবাজার এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*