বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ মার্চ || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ জেলার বিলোনিয়ায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের ‘বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৬’। মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সেবা প্রকল্প (NSS), নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, “আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমেই গড়ে উঠবে একটি শক্তিশালী, আত্মনির্ভর এবং বিকশিত ভারত।”
এই ইয়ুথ পার্লামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে গণতন্ত্র, নেতৃত্ব ও জাতি গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের মধ্যে দেশগঠন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
