বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ মার্চ || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার রানীরবাজার এলাকার ইকো পার্কের সামনে ট্রান্সফরমার লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হলেন TSECL-এর এক লাইনম্যান। আহত কর্মীর নাম দিবেন্দু পালিত (৪৫)।
জানা যায়, শুক্রবার বিকেল প্রায় ৩টা ২০ মিনিট নাগাদ ট্রান্সফরমার লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ লাইনে কাজ করার সময় সাধারণত দু’জন লাইনম্যান থাকা বাধ্যতামূলক। কিন্তু কীভাবে তিনি একাই লাইনে কাজ করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে TSECL-এর সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার দিলীপ দাস হাসপাতালে পৌঁছে আহত কর্মীর খোঁজখবর নেন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
