বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মার্চ || শান্তিরবাজার মহকুমার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে নতুন সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে প্রস্তাবিত রাস্তার বিভিন্ন দিক খতিয়ে দেখতে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদলের একটি দল পরিদর্শন করেন সংশ্লিষ্ট এলাকা।
জানা গেছে, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন বিধায়ক প্রমোদ রিয়াং। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এই সমস্ত প্রকল্প যাতে সঠিকভাবে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে তৎপর রয়েছে পূর্ত দপ্তর।
দপ্তরের তরফে জেলার উচ্চপদস্থ আধিকারিক তাপস মারাক, এসডিও প্রবীর বরন দাস সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এরই মধ্যে গোমতী জেলার করবু এলাকা থেকে দক্ষিণ জেলার শান্তির বাজার পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ দুই লেন বিশিষ্ট একটি স্টেট হাইওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই রাস্তা কোথা দিয়ে এবং কীভাবে নির্মাণ করা হবে, তা নির্ধারণের জন্যই এদিন সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন পূর্ত দপ্তরের আধিকারিক ও কেন্দ্রীয় প্রতিনিধিরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাপস মারাক, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ পর্ব কুমার ত্রিপুরা, এক্সিকিউটিভ প্রবীর বরন দাস, ইঞ্জিনিয়ার অমলেন্দু মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ অন্যান্যরা।
নতুন এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে শান্তির বাজার মহকুমার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং এলাকার সাধারণ মানুষসহ ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
